অস্ট্রেলিয়ায় ক্ষমতায় এলে চার বছরে সাড়ে ছয় লাখ অস্থায়ী ভিসাধারী কমানোর ঘোষণা দিয়েছে দেশটির বিরোধীদলীয় জোট (কোয়ালিশন)। গতকাল মঙ্গলবার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর এই নতুন অভিবাসন নীতি প্রকাশ করেন। বিরোধী জোটের দাবি, এটি হবে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন ছাঁটাইয়ের ঘটনা। জোটের প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে প্রথম দুই বছর নিট অভিবাসন কমিয়ে বছরে এক লাখে নামিয়ে আনা হবে।
তৃতীয় বছরে এটি হবে ১ লাখ ৩০ হাজার এবং চতুর্থ বছরে ১ লাখ ৬০ হাজার। ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় নিট অভিবাসন (নতুন আসা মানুষের সংখ্যা থেকে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাদ দিলে যা থাকে) ছিল ৩ লাখ ১ হাজার।সবচেয়ে বড় ধাক্কা শিক্ষার্থীদের ওপর বিরোধী জোটের এই নীতির কারণে সবচেয়ে বড় বিপাকে পড়বেন বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা। পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া ‘অস্থায়ী স্নাতক ভিসা’ পুরোপুরি বাতিলের কথা বলেছে জোট।
বর্তমানে এই ভিসাধারীর সংখ্যা প্রায় ২ লাখ ৭১ হাজার, যা কমিয়ে মাত্র ১০ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির সীমা নির্ধারণ করা হবে ২ লাখ ৪০ হাজারে।
সূত্র: প্রথম আলো