নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক হয়।
বৈঠকের পর সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ, আলু ইত্যাদি সামগ্রীর যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কার্যক্রমকে নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে বলে কমিটিকে জানানো হয়।আমদানি–রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।
পাশপাশি বিদেশে বাণিজ্য মিশনে পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞানসম্পন্ন, অভিজ্ঞ কর্মকর্তাদের বিবেচনায় নিতে বলেছে কমিটি।কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, মো. বরকতউল্লা বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম অংশ নেন।
সূত্র: প্রথম আলো