ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইস্টার্ন রিফাইনারি হচ্ছে একমাত্র রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি তেল শোধনাগার। সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) কাছ থেকে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তেল আমদানি করবে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে ক্রুড অয়েল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এ আমদানির অর্থায়নের উৎস হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের কথা বলা হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বিপিসি জিটুজি চুক্তির আওতায় দীর্ঘদিন ধরে সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে আসছে।
সূত্র: প্রথম আলো