২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নজরুল ইসলাম ওরফে বাবু (২৯)। এরপর আর বাড়িতে ফেরেননি। ঢাকায় গিয়েছিলেন কি না, সেটিও জানেন না স্বজনেরা। তখন থেকে বন্ধ তাঁর মুঠোফোন নম্বরও। প্রায় নয় বছর ধরে ছেলের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তাঁকে খুঁজছেন বাবা গিয়াস উদ্দিন বেপারী।গিয়াস উদ্দিন বেপারীর (৬৫) বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায়।
তাঁর ছেলে নজরুল ইসলামের প্রায় নয় বছর ধরে কোনো সন্ধান নেই। এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন নজরুল। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।গতকাল বুধবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার কলেজগেট এলাকায় দেখা যায় গিয়াস উদ্দিনকে। নিজের অটোরিকশা থামিয়ে ছেলের রঙিন ছবি ও এনআইডি হাতে স্থানীয় লোকজনকে দেখাচ্ছিলেন।
কেউ তাঁর ছেলেকে দেখেছেন কি না বা তাঁর সম্পর্কে কিছু জানেন কি না, জানতে চাইছিলেন পথচারীদের কাছে।অটোরিকশা থেকে নেমে কিছু দূর হেঁটেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের ছবি দেখান গিয়াস উদ্দিন।
সূত্র: প্রথম আলো