শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার সালমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর তাতে শেয়ারবাজারে কোম্পানি দুটির শেয়ারের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই দিনে কোম্পানি দুটির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম গতকাল বুধবার বেড়েছে ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি। আর আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে এটির শেয়ারের দাম ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে।
তাতে গত দুই দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি।একই অবস্থা শাইনপুকুর সিরামিকসের শেয়ারেরও।
সূত্র: প্রথম আলো