ঢাকার ব্যস্ত সড়কে যানজট। গাড়ির ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছে একটি স্কুটার। হেলমেট পরা চালকের চোখ রাস্তায়, পেছনের আসনে নারী যাত্রীও বসে আছেন নিশ্চিন্তে। পাশ দিয়ে যাওয়া কয়েকজনের চোখ আটকে গেল স্কুটারটির দিকে। কারণ, চালক ও যাত্রী—দুজনই নারী।চালকের আসনে ছিলেন সাথী (ছদ্মনাম)। ছয় বছর বয়সী মেয়ের দেখাশোনা ও সংসারের কাজ সেরে সুযোগ পেলেই স্কুটার নিয়ে রাস্তায় বের হন তিনি। পেছনের আসনে বসা অপরিচিত নারীকে গন্তব্যে পৌঁছে দেন।
অপরিচিত পুরুষের পেছনে বসে যাতায়াতে অস্বস্তি বোধ করেন—এমন নারীদের জন্যই তাঁর এ কাজ।সাথী নারীদের রাইড শেয়ারিং উদ্যোগ ‘মায়া রাইড’-এর একজন চালক। এখানে নারী চালকদের বলা হয় ‘মায়াবী’। গত জুলাই থেকে ৩৮টি রাইড দিয়েছেন তিনি।
কোনো দিন তিনটি রাইড দেন, আবার মেয়ের পরীক্ষা বা সংসারের ব্যস্ততায় কয়েক সপ্তাহ মোটরসাইকেল নিয়ে বেরই হতে পারেন না।ফাহাদ চৌধুরী ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্য নিয়ে গত এপ্রিলে ‘মায়া’ উদ্যোগটি শুরু করেছেন।
সূত্র: প্রথম আলো