ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানো হয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। সেই যুদ্ধের তিন বছর পূর্ণ হলো গতকাল বুধবার ৭ অক্টোবর। এ তিন বছরে ফিলিস্তিনের গাজার চেহারা এমনভাবে বদলে গেছে, যে কারণে অবরুদ্ধ উপত্যকাটির অনেক জায়গা এখন আর চেনার উপায় নেই। ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে।
ঘরবাড়ি ও জনপদ নিশ্চিহ্ন হয়েছে। অবকাঠামো ও জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ প্রায় ২০ লাখ মানুষের জীবন ওলট–পালট করে দিয়েছে। বারবার বাস্তুচ্যুতি ও এলাকা ছাড়ার নির্দেশে পরিবার ও জনপদ ছিন্নভিন্ন হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধে ৭৪ হাজার ২৪৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হলেও দুর্ভোগের অবসান হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৪৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো