সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।অভিযোগ, ৯ দিনে নদী থেকে ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে, যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা।গতকাল বুধবার দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।এজাহারে উল্লেখ করা হয়েছে, দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় মরাচেলা নদী ও নদীর পাড় কেটে বালু তোলা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে তোলা হয়েছে ২৫ লাখ ঘনফুট বালু। নদীর পাড় কাটায় পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।
৩ অক্টোবর বাদী ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন।৯ দিনে মরাচেলা নদী থেকে অবৈধভাবে ২৫ লাখ ঘনফুট বালু তোলার অভিযোগে মামলা হয়েছে।
সূত্র: প্রথম আলো