টানা তৃতীয় বছরের মতো আবারও সাংঘর্ষিক হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি। ২০২৭ সালের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএলের ১২তম আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত টুর্নামেন্টটি ফেব্রুয়ারি-মার্চে হলেও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আন্তর্জাতিক সূচির কারণে পিসিবি আসরটি এপ্রিল-মে মাসে সরিয়ে নিতে বাধ্য হয়।
সম্প্রচারক প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিসের অসন্তোষের কারণে গত মাসে টুর্নামেন্টটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের প্রস্তাব উঠেছিল। প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, রমজান মাসে বিজ্ঞাপনদাতাদের বাজেট শেষ হয়ে যাওয়ায় সম্প্রচারকারীরা রাজস্ব থেকে বঞ্চিত হন। তবে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে তীব্র শীত ও কুয়াশার কারণে ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং শেষ অংশটি রমজানের মধ্যে পড়ার শঙ্কায় সে প্রস্তাব বাতিল হয়ে যায়।
পরবর্তীতে পিসিবি আটটি ফ্র্যাঞ্চাইজির মতামত চাইলে সংখ্যাগরিষ্ঠ দল মার্চ-মে সূচির পক্ষে অবস্থান নেয়। ভেন্যু এখনো নিশ্চিত না হলেও ২০২০ সাল থেকে টুর্নামেন্টটি পাকিস্তানেই অনুষ্ঠিত হচ্ছে। গত আসরে ফয়সালাবাদ ও পেশোয়ার নতুন ভেন্যু হিসেবে যুক্ত হলেও সরকারের জ্বালানি সংরক্ষণমূলক পদক্ষেপের কারণে ম্যাচগুলো লাহোর ও করাচির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়েছিল এবং ফাইনাল বাদে বাকি ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে হয়েছিল।
সূত্র: প্রথম আলো