প্রশান্ত মহাসাগরজুড়ে এল নিনোর শক্তি বাড়ছে। এর প্রভাবে দক্ষিণ এশিয়ায় আরেকটি তীব্র তাপপ্রবাহের মৌসুমের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চরম তাপের প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া গ্লোবাল হিট ফোরামে চার দেশের তাপপ্রবাহ পরিস্থিতি, প্রস্তুতি ও ঘাটতি নিয়ে নতুন চারটি ‘কান্ট্রি ব্রিফ’ প্রকাশ করা হয়েছে।
গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের (জিএইচএইচআইএন) দক্ষিণ এশিয়া হাবের উদ্যোগে এসব ব্রিফ প্রকাশ করা হয়। দক্ষিণ এশিয়ায় চরম তাপের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকায় দেশগুলোর প্রস্তুতি ও সক্ষমতা পর্যালোচনার অংশ হিসেবে এসব মূল্যায়ন করা হয়েছে। এতে দেশগুলো কীভাবে তীব্র গরম মোকাবিলা করছে, আগাম প্রস্তুতি নিচ্ছে এবং কোথায় গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে, তা তুলে ধরা হয়েছে।
নয়াদিল্লিতে কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার এই দক্ষিণ এশিয়া হাব পরিচালনা করছে।
সূত্র: প্রথম আলো