রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক বিক্রিয়ার অনুমতি পাওয়া গেছে। ফলে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরও কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ডিসেম্বরে জাতীয় গ্রিডে এই কেন্দ্র থেকে যুক্ত হতে পারে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল।
নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। গত সপ্তাহে উচ্চ চাপে দুই দফায় পরীক্ষা করা হয়েছে। এরপর পরীক্ষার ফলাফল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বায়েরা তা অনুমোদন দিয়েছে।
অর্থাৎ এখন পরের ধাপের কার্যক্রম শুরু করা যাবে।বায়েরা চেয়ারম্যান মাহমুদ হাসান আজ প্রথম আলোকে বলেন, যথাযথ যাচাইয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ধাপের অনুমতি দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো