ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে শিক্ষকের কথা বলার প্রতিবাদ করা হয়েছে। একদল নারী শিক্ষার্থীর প্রতিবাদের মুখে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গত বুধবার (৭ অক্টোবর) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ক্লাস চলাকালে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এক ছাত্রীর নিকাব পরা নিয়ে কথা বলেন।
নিকাব পরার কারণে অস্বস্তি বোধ করছেন জানিয়ে তাঁকে পেছনে গিয়ে বসতে বলেন। এর প্রতিবাদে নিকাব পরা ওই ছাত্রী ক্লাস থেকে বের হয়ে যান। একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থীও ক্লাস থেকে বের হয়ে যান।এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন নারী শিক্ষার্থীরা।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমার নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে একদল নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর কাছে লিখিত অভিযোগ জমা দেন।
সূত্র: প্রথম আলো