পণ্যের নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মজুত এবং আমদানি কমে যাওয়ায় গত সেপ্টেম্বরে দেশে শিল্প উৎপাদন খাতের ব্যবসার গতি কমেছে। এ সময় সেবা খাতও সংকোচনের ধারা থেকে বের হতে পারেনি। আর নির্মাণ খাতও নতুন করে সংকোচনের ধারায় চলে গেছে। শুধু কৃষি খাত সম্প্রসারণের ধারায় ছিল। ফলে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দুর্বলতার কারণে গত মাসে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির গতি আরও কমে গেছে।
এ তথ্য উঠে এসেছে পিএমআইয়ের মূল্যায়নে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের মাধ্যমে প্রতি মাসে অর্থনীতির গতিপ্রকৃতি প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার গত মাসের পিএমআই প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচকের অবস্থানের তথ্য জানানো হয়। পিএমআইয়ের মূল্যায়নে দুই বছর ধরে অর্থনীতি উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পিএমআই মান কমে ৪৮ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আগস্টে পিএমআই মান ছিল ৪৯ দশমিক ৯ পয়েন্ট।ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে।অর্থনীতির প্রধান খাত কৃষি, ব্যবসা, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামতের ভিত্তিতে এই সূচকের মান নির্ধারণ করা হয়।
সূত্র: প্রথম আলো