ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার গাইডেড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো এ হামলায় আহত হয়েছেন ১৮ জন। এটি চলতি বছর রাশিয়ার চালানো বড় হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছে ইউক্রেন সরকার। ক্রামাতোরস্ক শহর ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের বেশির ভাগ এলাকা দখল করে রেখেছে রুশ বাহিনী। এখন গুরুত্বপূর্ণ ক্রামাতোরস্ক শহর দখলের দিকে নজর দিয়েছে তারা।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ক্রামাতোরস্কের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তায় থাকা দুটি বাসে ওই বোমা হামলা চালানো হয়। বাস দুটিতে অনেক যাত্রী ছিলেন। ইউক্রেন পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় বাসের পোড়া কাঠামো পড়ে আছে। সড়কে ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি মরদেহও ছিল।এই হামলা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে বলে উল্লেখ করেছে ইউক্রেন সরকার।
স্থানীয় গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, রুশ বাহিনীর কাছে যাত্রীবাহী বাস আকর্ষণীয় লক্ষ্যবস্তু।
সূত্র: প্রথম আলো