জিন থেরাপি বা জিনভিত্তিক চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অপ্টোজেনেটিক নামের এই চিকিৎসা নিরাপদ বলে জানিয়েছেন তাঁরা। এ নিয়ে গবেষণার পর তথ্যগুলো সামনে আনা হয়েছে।গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ। জিনভিত্তিক এই চিকিৎসায় আলো ব্যবহার করে স্নায়ুকোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার কৌশল ব্যবহার করা হয়েছে।
এ-সংক্রান্ত আবিষ্কারের জন্যই চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জিন হলো মানুষের শরীরের বংশগতির ধারক। অপ্টোজেনেটিক নামের এই জিন থেরাপি ২০২১ সালে প্রথমবারের মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে এনেছিল। এবার গবেষকেরা আরও বড় পরিসরে পরীক্ষা করেছেন।
পরীক্ষায় প্রথম ওই রোগীর পাশাপাশি আরও নয়জন অংশ নিয়েছিলেন।গবেষণাপত্রের লেখক এবং সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব মলিকিউলার অ্যান্ড ক্লিনিক্যাল অপথালমোলজি বাসেলের পরিচালক অধ্যাপক বোটন্ড রোশকা বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে অপ্টোজেনেটিকস ধারণাটি কার্যকর।
সূত্র: প্রথম আলো