রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা দোকানে গত এক–দেড় সপ্তাহে সরু চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়েছে। অন্যান্য চালের দামও ১–২ টাকা করে বেড়েছে। এ ছাড়া দাম বেড়েছে দেশি পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলের। আর ব্রয়লার মুরগি ও ডিম আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধির পর এবার চালের দাম বাড়ল।
পাইকারি বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চাল পরিবহনে ট্রাকভাড়া বেড়ে গেছে। এ ছাড়া মিল পর্যায়েও চালের দাম বাড়ানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে।
সূত্র: প্রথম আলো