বন্ধুর বাড়ির ছোট্ট অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছ দেখে মুগ্ধ হয়েছিলেন আবদুল্লাহ। ৪০ টাকা দিয়ে দুটি মাছ কিনে বাড়িতে এনে পরিচর্যা শুরু করেন। এরপর আট বছরের পথচলায় দুটি মাছ দিয়ে ৩০ লাখ টাকার পুঁজি গড়ে তুলেছেন তিনি। বাড়ির উঠানের পাশে ৬০টি চৌবাচ্চা ও একটি পুকুরে ৩০ ধরনের শৌখিন মাছ চাষ করছেন তিনি। তাঁর হ্যাচারির মাছ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।আবদুল্লাহ (২২) যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের এই ছাত্র পড়ালেখার পাশাপাশি চার বছর ধরে বাণিজ্যিকভাবে শৌখিন মাছ চাষ করছেন। এখন তিনি বড় একটি হ্যাচারির মালিক। তাঁর হ্যাচারিতে ফাইটার ফিশ, গোল্ডফিশ, কমেট, কই কাপ, গাপ্পি, মলি শর্ট টেল, এঞ্জেল ফিশ, অরেঞ্জ মলি, ব্ল্যাক মলি, হোয়াইট মলিসহ ৩০ ধরনের মাছ আছে।৪০ টাকার মাছ দিয়ে শুরু আট বছর আগে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আবদুল্লাহ।
বন্ধুর ছোট্ট অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছ দেখে তাঁর ভালো লেগে যায়।
সূত্র: প্রথম আলো