‘রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার।’ সুকান্ত ভট্টাচার্যর কবিতার সেই রানার এখন আর রাতের আঁধারে ছুটে চলেন না। তবে রানারের যাত্রা একেবারে থেমেও যায়নি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গ্রামীণ পথে এখনো সাইকেলের ঘণ্টা বাজিয়ে ছুটে চলেন আলী আকবর। সঙ্গে পাটের ছোট বস্তা।
আর সেই বস্তায় মানুষের চিঠি; সাইকেলের ঝুড়িতেও চিঠি।উপজেলার বারখাইন ইউনিয়নে সবুজ গাছপালার মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে একটি সড়ক। স্থানীয়ভাবে সড়কটির কোনো নাম নেই। তবে হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ এটি। সেই আঁকাবাঁকা পথ ধরেই প্রতিদিন সকাল সকাল সাইকেলের বেল বাজিয়ে ছুটে চলেন আলী আকবর। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। মাথার চুলে পাক ধরেছে।আকবরের খাকি পোশাক দেখে দূর থেকেই বোঝা যায়, তিনি ডাক বিভাগের কর্মী।
প্রায় ২৮ বছর ধরে পাটের বস্তা সঙ্গে নিয়ে সাইকেলে এক ডাকঘর থেকে আরেক ডাকঘরে ছুটে বেড়াচ্ছেন তিনি।
সূত্র: প্রথম আলো