পশ্চিমবঙ্গের বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপির দুই প্রার্থী। নন্দীগ্রামে হাসি রানী রথ এবং রেজিনগরে শাখারভ সরকার জয়ী হয়েছেন। তবে এই ফলাফল ঘিরে ভোট লুটের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। তাদের আশঙ্কা ছিল, বিজেপি ভোটারদের ভোট দিতে বাধা দিয়ে নির্বাচনে জয়ী হবে। অন্যদিকে বিজেপির দাবি, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন মানুষ। নন্দীগ্রাম ও রেজিনগর—দুটি আসনেই উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম ভোটার রয়েছেন।
রেজিনগরে মুসলিম জনসংখ্যা প্রায় ৭৪ শতাংশ এবং নন্দীগ্রামে প্রায় ৩০ শতাংশ। এই প্রেক্ষাপটে বিজেপির জয় নিয়ে দলটির নেতারা মুসলিম ভোটারদের সমর্থন পাওয়ার দাবি করেছেন। তাঁদের বক্তব্য, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন সংখ্যালঘু ভোটারদের একটি অংশ।এবারের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর আসনে জয়ী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।
পরে দুটি আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো