মালয়েশিয়ায় বিদেশি কর্মী সরবরাহের কোটা জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ১১ বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। গতকাল বৃহস্পতিবার দেশটির তামান দাতুক আহমাদ রাজালি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, সকাল সাড়ে সাতটায় এই অভিযান শুরু হয়।
পুত্রজায়ায় অবস্থিত অভিবাসন সদর দপ্তরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন এবং ইনল্যান্ড রেভিনিউ বোর্ডের (আইআরবি) দুটি বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, জনসাধারণের দেওয়া তথ্য এবং অভিবাসন বিভাগের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি পুরুষ রয়েছেন, যাঁরা ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো