বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা ও পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেন। আজ শুক্রবার সকালে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাতজনকে সাত দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সুরুজ মিয়া; পটুয়াখালীর সবুজ; পাবনার শাহিন; সিরাজগঞ্জের সুজন ও শামীম; কিশোরগঞ্জের আবুল বাশার, দুর্জয় ও কাইয়ুম; ভোলার হারুন, রিয়াজ ও কামরুননাহার এবং রংপুরের রেজাউল করিম।আজ দুপুরে রাজধানীর টেকনিক্যাল মোড়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের ভিত্তিতে চক্রটির ওপর ছায়াতদন্ত চালানো হয়।
সূত্র: প্রথম আলো