ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অচেতন এক ব্যক্তিকে ট্রলিতে করে নিয়ে এসে কৌশলে পালিয়ে গেছেন দুই যুবক। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমে পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পকেটে থাকা একটি চশমার দোকানের রসিদের সূত্র ধরে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম সবুজ মল্লিক (৫০)। তিনি ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিক কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদর এলাকায়।শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে অজ্ঞাতপরিচয় দুই যুবক অচেতন অবস্থায় সবুজ মল্লিককে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগে পৌঁছানোর পর তাঁদের একজন রোগী ভর্তির টিকিট কাটার কথা বলে ভেতরে চলে যান।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় হাসপাতালের কর্মী, নার্স ও ট্রলিম্যানরা সঙ্গে থাকা অপর যুবকের কাছে জানতে চান।
সূত্র: প্রথম আলো