পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয় দিন পরও তা মূলত খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই সীমিত রয়েছে। গত রোববার এই প্রদেশ থেকেই লংমার্চ শুরু করে ইমরানের প্রতিষ্ঠিত দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পিটিআইয়ের কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে কেন্দ্রীয় সরকার।খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি গতকাল শুক্রবার পিটিআইয়ের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁরা যেন পেশোয়ারের সাবি জেলা অতিক্রম করার দুঃসাহস না দেখান। আর লংমার্চ শুরুর আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছিলেন, বিক্ষোভকারীদের কোনোভাবেই ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না।
তবে পিটিআইয়ের পাখতুনখাওয়া প্রদেশের মুখপাত্র শওকত ইউসুফজাই গতকাল বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
সূত্র: প্রথম আলো