ডেঙ্গুতে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, অথচ মশা নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থার বড় অংশই নিষ্ক্রিয়। ইউনিয়নের ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৪৮ হাজারের বেশি কমিটি থাকার কথা। বাস্তবে অনেক জায়গায় কমিটিই হয়নি; কোথাও থাকলেও কার্যক্রম নেই। এমনকি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অনেকে জানেন না, এসব কমিটি গঠনের নির্দেশনা আছে।
জনস্বাস্থ্যের ক্রমবর্ধমান বিপদের মুখে এই প্রশাসনিক উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সোম ও মঙ্গলবার দুই দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৮১। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। প্রতিটি মৃত্যুর সঙ্গে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে কেবল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা বাড়িয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা যথেষ্ট নয়।
রোগের বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব কর্তৃপক্ষকে যথাযথভাবে পালন করতেই হবে।এডিস মশা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।
সূত্র: প্রথম আলো