ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে পরিচিতি পাওয়া এই আন্দোলন এখন শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ এবং ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে। আজ দিল্লির যন্তর মন্তরে দেওয়া হয়েছে বিক্ষোভের ডাক। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরব হয়েছেন চলচ্চিত্রজগতের একাধিক পরিচিত মুখ।
কেউ সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহের সংহতি ভারতীয় চলচ্চিত্রের দুই বরেণ্য অভিনেতা শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহের অংশগ্রহণ আন্দোলনটিকে বাড়তি আলোচনায় এনেছে। ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে যোগ দেন শাবানা আজমি। ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
তাঁর বক্তব্যের মূল সুর ছিল, মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে প্রতিবাদ করার অধিকারও অক্ষুণ্ন থাকা উচিত।একই সমাবেশে নাসিরউদ্দিন শাহের উপস্থিতিও নজর কাড়ে।
সূত্র: প্রথম আলো