ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা করিয়ে গ্রামে ফিরছিলেন আতাহার আলী (৭৫)। চার দিন পর আবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে একটি রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে আজ ভোরে আতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা।আতাহার আলীর মেয়ে আকলিমা খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর মা-বাবা দুজনই অসুস্থ। চিকিৎসার জন্য তাঁরা ঢাকায় তাঁর বাসায় এসেছিলেন। দুজনকেই চিকিৎসক দেখানো হয়েছিল। চার দিন পর আবার বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাকে রেখে বাবা জেদ করে শুক্রবার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
আজ সকালে বাবার ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো