ধরা যাক, একজন মানুষের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু পরে জানা গেল, রোগটি শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রচলিত অনেক কেমোথেরাপি হয়তো তাঁর ক্ষেত্রে আর কাজ করবে না। এমন অবস্থায় ক্যানসারে আক্রান্ত মানুষের আশা হারিয়ে যাওয়ারই কথা। এমন পরিস্থিতিতেই পড়েছিলেন ৩১ বছর বয়সী মলি হোনেস। তিনি ভেবেছিলেন, হয়তো তাঁর হাতে আর বেশি সময় নেই।
তিনি ঠিক করেছিলেন, চিকিৎসার পেছনে না ছুটে বাকি সময়টা নিজের মতো করে কাটাবেন।কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি একটি পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পেলেন। সেটি ছিল ক্যানসারের ভ্যাকসিন। মাত্র পাঁচ মাস পর সেপ্টেম্বরে পরীক্ষা করে দেখা গেল, তাঁর শরীরে ক্যানসারের আর কোনো লক্ষণ নেই! এখন পর্যন্ত তিনি ক্যানসারমুক্ত অবস্থায় আছেন।মলির মতো ক্যানসারের ভ্যাকসিন যে সবার জন্য কাজ করবে, এমনটা নিশ্চিত নয়।
তবে তাঁর মতো কিছু রোগীর ক্ষেত্রে পাওয়া ফলাফল বিজ্ঞানীদের নতুন আশার আলো দেখাচ্ছে।
সূত্র: প্রথম আলো