পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার (১৯) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলায় নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ প্রকল্প (ইপিজেড)–সংলগ্ন মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।আব্বাস সিকদার সদর উপজেলায় নির্মাণাধীন ইপিজেড–সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম সিকদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ইপিজেড এলাকার বালুর মাঠে স্থানীয়দের উদ্যোগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে আব্বাসের সঙ্গে তাঁর প্রতিপক্ষ দলের সদস্যদের বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ হয়।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার আব্বাসের সঙ্গে প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়।আব্বাসের বাবা রফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় বিরোধী পক্ষের লোকজন তাঁর ভাগনে সাব্বির হোসেনের কাছে অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো