কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশমান যুগে প্রযুক্তিগত অগ্রগতি এবং ভৌত অবকাঠামোকে আর আলাদা করে দেখার সুযোগ নেই। ডিজিটাল রূপান্তর ও দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন দুটি ভিন্ন খাত নয়, বরং একই মুদ্রার এপিঠ-ওপিঠ—যা একটি দেশের জাতীয় রূপান্তরের মূল চালিকা শক্তি বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার অবকাঠামো ও আঞ্চলিক উন্নয়নবিষয়ক সমন্বয়কারীমন্ত্রী আগস হরিমূর্তি যুধয়োনো।
৫ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট’–এ মূল বক্তব্যে তিনি বলেন, ‘পরিকল্পনা করুন আরও বুদ্ধিমত্তার সঙ্গে, যুক্ত হন দক্ষতার মাধ্যমে, এগিয়ে যান আধুনিক উপায়ে এবং গড়ে তুলুন আরও শক্ত ভিত্তি—যা তৈরি করবে এমন এক ইন্দোনেশিয়া, যা হবে আরও বেশি সংযুক্ত, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই।’আগস হরিমূর্তি যুধয়োনো জানান, প্রতিটি এআই মডেলের কার্যকর সঞ্চালনের জন্য শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ, আধুনিক ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ও স্যাটেলাইট নেটওয়ার্ক সংযোগ জরুরি।
একই সঙ্গে, মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের মতো ভৌত অবকাঠামোরও প্রয়োজন রয়েছে।
সূত্র: প্রথম আলো