বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের সরকারের আমলে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ব্যাংকগুলো থেকে সব নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাক খাতকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে। আজ শনিবার বিকেলে পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে সংগঠনটি।দেশের বস্ত্র ও পোশাক খাতের সমস্যাগুলো তুলে ধরে রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন।
এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত বস্ত্র ও পোশাকশিল্প উল্লেখ করে রিজভী বলেন, এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত।
সূত্র: প্রথম আলো