মানববর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েটের গবেষকদের উদ্ভাবিত এ প্রযুক্তি সম্পর্কে অবহিত হয়েছেন। এ ধরনের দেশীয় প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালুর উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুয়েটের গবেষকদের উদ্ভাবিত এ প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।এ সময় প্রকল্পটির গবেষক কুয়েটের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে প্রকল্পটির প্রদর্শনী দেখেন।
এ সময় গবেষকেরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো