ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর প্রতিটি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, সপ্তাহে অন্তত এক দিন সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না। আজ শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো