পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজধানী ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি আজ শনিবার সপ্তম দিনে পৌঁছেছে। তবে সেই কর্মসূচি এখনো খাইবার পাখতুনখাওয়ায় পালন করা হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে এ কর্মসূচি শুরু করেছে পিটিআই।এর মধ্যেই দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১২টি জেলায় জরুরি অবস্থা জারির কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার খবর বেরিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করেছে পিটিআই। দলটি বলেছে, এ পদক্ষেপ সংবিধানের অষ্টাদশ সংশোধনীর সুষ্পষ্ট লঙ্ঘন হবে।পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখার মুখপাত্র শওকত ইউসুফজাই এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি আপনাদের জরুরি অবস্থার কথা জানাতে চাই। জানাতে চাই, ১২টি জেলায় আলাদা প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। এটা অষ্টাদশ সংশোধনীর গুরুতর লঙ্ঘন।
আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সব সময় এ সংশোধনীর কৃতিত্ব নিয়ে এসেছে।’খবর বেরিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে কেন্দ্রীয় সরকার প্রদেশের ১২টি জেলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি শেষ করেছে।
সূত্র: প্রথম আলো