যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ, দ্রুততম সময়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবির পাশাপাশি কোনো কোনো দল–সংগঠন এ ঘটনাকে ‘বিএনপির রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার প্রতিফলন’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অমার্জনীয় অপরাধ’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলও।
আজ শনিবার বেলা ১১টার দিকে শুরুর আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
সূত্র: প্রথম আলো