পাকিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার আলোচনায় বসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চ নিয়ে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এ নিয়ে প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারে শাসন জারির হুমকিও এসেছে। এর মধ্যেই দুই নেতা এ আলোচনা করলেন।
প্রেসিডেন্টের কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুই নেতা প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বৈঠক করেন। সেখানে তাঁরা ‘দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।’বৈঠকে সরকার ও পিপিপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, রাজনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান, আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার, সিনেটর শেরি রেহমান প্রমুখ।বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে মঙ্গলবার জাতীয় পরিষদ ও সিনেটের আলাদা অধিবেশন ডাকার বিষয়ে একমত হওয়া গেছে।’প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ ও জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান টেলিফোনে কথা বলেন।
সূত্র: প্রথম আলো