মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জসিম। বিমান আকাশে ওড়ার দুই ঘণ্টা পর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ছৈয়দ মিয়ার ছেলে।
তিনি প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। গত বছরও তিনি দেশে এসেছিলেন। তিনি মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে বসবাস করতেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব।জানা গেছে, মোহাম্মদ জসিম উদ্দিন দেশের উদ্দেশে মোজাম্বিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় দুই ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটি কাতার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে জরুরি চিকিৎসা দলের সদস্যরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্র: প্রথম আলো