শহীদের আত্মত্যাগে অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে কার্যকর সংসদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শুধু আন্দোলন ও ত্যাগের ইতিহাসচর্চায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জাতীয় অর্থনীতি সচল রাখা এবং আধুনিক রাষ্ট্র গঠনই এখন রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত স্মরণসভায় জহির উদ্দিন স্বপন এ কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকরী সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে।
দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার আহ্বান জানান তিনি।জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন বা সংগ্রাম নয়; বরং দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা।
সূত্র: প্রথম আলো