স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার শিমুল শীলচট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দনা রানী শীল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত চন্দনার স্বামী শিমুল শীল গতকাল শনিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি আরও দুই তরুণকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যার কথা জানিয়েছেন।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দনার স্বামী শিমুল শীল। এর আগে শিমুল পুলিশকে হত্যায় অংশ নেওয়া অন্য দুই তরুণের নামও বলেছিলেন। তাঁরা হলেন নজরুল ইসলাম ও ইলিয়াস হোসেন। শিমুলের স্বীকারোক্তির পর ওই দুজনকেও পুলিশ গ্রেপ্তার করে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, ভালোবেসে বিয়ের এক বছরের মাথায় সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন শিমুল।এর আগে ঘটনার পর গত শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের টেরিয়াইল এলাকায় অভিযান চালিয়ে শিমুল শীলকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: প্রথম আলো