সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের একটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
আগে রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।গতকাল শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে।
ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট।
সূত্র: প্রথম আলো