রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ হয়েছে।অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধকারীদের বিক্ষোভ করতে দেখা গেছে। যান চলাচলে বাধা দেন অবরোধকারীরা।
সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া সংগঠন দুটি হলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যটকের ভরা মৌসুম। দৈনিক গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে করে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যান। আজ সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। অবরোধের কারণে পর্যটকেরা বাঘাইহাটের পরে আর যেতে পারেননি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা দুইটার দিকে পর্যটকদের সাজেক নিয়ে যাওয়ার কথা রয়েছে।’সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা প্রথম আলোকে বলেন, ‘সাজেকে অবরোধের কথা শুনে গতকাল কিছু পর্যটক চলে গেছেন, আবার নতুন কিছু পর্যটক চলেও এসেছেন।
সূত্র: প্রথম আলো