চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে ধরতে অভিযান চালানো সেই ওসি আব্দুর রহিমকে এবার চট্টগ্রাম থেকে খুলনায় বদলি করা হয়েছে। গতকাল শনিবার তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে ছাড়পত্র নেন।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এর সই করা চিঠিতে বলা হয়, ১০ অক্টোবরের মধ্যে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদানের জন্য চট্টগ্রাম নগর পুলিশ থেকে ছাড়পত্র গ্রহণ করবেন।
জানতে চাইলে নগরের খুলশী থানার সাবেক ওসি আব্দুর রহিম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘খুলনায় যোগদানের জন্য নগর পুলিশ থেকে ছাড়পত্র নিয়েছি।’এর আগে গত মঙ্গলবার কিশোর গ্যাং নেতা ওয়াকিল নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে অবস্থান করছেন খবর পেয়ে খুলশী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করতে সেখানে অবস্থান নেয়।
সূত্র: প্রথম আলো