আম্পায়ার আঙুল তুললেন না। বাংলাদেশের এগারো ফিল্ডারই এলবিডব্লু চেয়ে জোরেশোরে আওয়াজ তুলেছিলেন। কিন্তু আম্পায়ারের হয়তো মনে হয়েছে বল স্টাম্প মিস করে যাবে।সন্দেহটা হয়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও। তাই তো রিভিউ চাওয়া হবে কি না সিদ্ধান্ত নিতে আলোচনাও চলল নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত ৬ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।এরপরই জানা গেল, বল স্টাম্পে ঠিক ততটাই আঘাত করত, যতটা আউটের জন্য যথেষ্ট। রিভিউ সফল।
হাসান মাহমুদ পেয়ে গেলেন জিয়াউর রহমানের উইকেট, হয়ে গেল হ্যাটট্রিকও। বাংলাদেশি পেসারদের মধ্যে প্রথম।আবুধাবিতে আজ শুধু হ্যাটট্রিকই নয়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান। ৪ উইকেটে ২১১ রান দিন শুরু করা আফগানরা মাত্র ২৯ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। বাংলাদেশ প্রথম ইনিংসে নিয়েছে ১০৬ রানের লিড।২০০০ সালে টেস্ট দুনিয়ায় পা রাখা বাংলাদেশ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলছে নিজেদের ১৬২তম টেস্ট।
আগের ১৬১টিতে বাংলাদেশ হ্যাটট্রিক দেখেছে দুটি।
সূত্র: প্রথম আলো