এ যেন নিষেধাজ্ঞা শুরু হতে না হতেই শেষের বার্তা!ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করছে।তবে নিষেধাজ্ঞার খবরের কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া গেল ভিন্ন বার্তা।
রোনালদোকে নভেম্বরেই জাতীয় দলে পেতে চান বলে জানিয়েছেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। তাঁর মতে, পর্তুগিজ ফেডারেশনের সবাই চান, দ্রুতই যেন দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক।শনিবার এএফ পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রোয়েন্সা বলেন, ‘আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
নিয়ম অনুযায়ী শৃঙ্খলাসংক্রান্ত প্রক্রিয়া চলবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে।’পর্তুগিজ সংবাদমাধ্যম দিয়ারিও দে নোতিসিয়াসের প্রতিবেদনে প্রোয়েন্সাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত অধিনায়ককে দলে ফিরে পেতে চাওয়া—জাতীয় দলের কোচও যা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো