অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা আগে যে ছয়টি ওয়ানডে খেলেছিল, কোনোটিতেই দুই শ রানও করতে পারেনি। আজই প্রথম তাদের বিপক্ষে দুই শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাতে অবশ্য লাভ হলো না। ব্রিসবেনে ৯ উইকেটের হারে সোবহানা মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি (১১৮) আর নিগার সুলতানার ফিফটি বৃথাই গেছে শেষ পর্যন্ত।আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল ছয় উইকেট হারিয়ে ২২০ রান করেছিল।
কিন্তু এই রান নিয়েও অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে সামান্যতম লড়াইও করতে পারেনি তারা। ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।অস্ট্রেলিয়াকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন দুই ওপেনার জর্জিয়া ভল আর ফিভি লিচফিল্ড মিলেই। কিন্তু তাঁদের ১১৯ বলে ১৬২ রানের জুটিটি ভেঙে যায় স্বর্ণা আক্তারের বলে ৫১ বলে ৭০ রান করা লিচফিল্ড হাবিবা আক্তারের হাতে ক্যাচ দিলে।
ওপেনিংয়ে তাঁর সঙ্গী জর্জিয়া ভল অবশ্য সেঞ্চুরি করেছেন।
সূত্র: প্রথম আলো