জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকার মার্শাল আইয়ুব। সেঞ্চুরি পেয়েছেন তাঁর সতীর্থ মাহিদুল ইসলাম, চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান। এর মধ্যে মেহেদীর কীর্তিটা একটু বেশি কারণ, একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন তিনি।মার্শালের ১৭৫, ঢাকা ৫৪৭সিলেটের নাসুম আহমেদের করা বলটিকে সু্ইপ করলেন মার্শাল আইয়ুব।
ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৯৮ থেকে ১০২ হয়ে গেল মার্শালের রান। কিন্তু সেঞ্চুরি করেও একটু নিরাসক্ত রইলেন মার্শাল। একটু দেরিতেই হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন। তাঁর কাছে এ আর এমন কী! তিনটি টেস্ট খেলা ব্যাটসম্যানের এটি যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র দুজনের।
শুধু জাতীয় ক্রিকেট লিগ হিসাব করলে টুর্নামেন্টে এটি মার্শালের ২১তম সেঞ্চুরি।
সূত্র: প্রথম আলো