সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তিতে ৫ অক্টোবর স্থগিত হয়ে যায় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেখানকার উপজেলা স্টেডিয়ামে।এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।
সেখানে সংস্থাটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা কড়া হুঁশিয়ারিই দিয়েছেন।সংবাদ সম্মেলনে সারওয়াত সিরাজ বলেন, ‘একটি ছোট কিন্তু উচ্চকণ্ঠ গোষ্ঠী খেলার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে। খেলতে আসা মেয়েদের হুমকি দেওয়ার ঘটনাও উদ্বেগজনক। বাংলাদেশে যেখানে মেয়েদের খেলাকে বাধা দেওয়া হবে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, মেয়েদের পাশে দাঁড়াবে।
মেয়েদের খেলায় বাধা দেওয়ার চেষ্টা আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’তবে শুধু প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে এ ধরনের ঘটনার সমাধান হবে না বলে মনে করেন সংস্থাটির সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না।
সূত্র: প্রথম আলো