চট্টগ্রামের পতেঙ্গায় সাইকেল চালানোর জন্য তৈরি করা পথ উদ্বোধনের পরদিনই গাড়ি রাখার জায়গায় পরিণত হয়েছে। সেখানে ব্যক্তিগত গাড়ি, লরি ও কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা রেখে দেওয়া হচ্ছে। মূল সড়ক থেকে ট্র্যাকটি আলাদা করতে তৈরি ফুলের বাগানের মাঝের বড় ফাঁকা অংশ দিয়ে ঢুকছে এসব যানবাহন। বিমানবন্দর সড়কে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাকটি গত শুক্রবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সেখানে গাড়ি রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নগরের ফুটপাতের মতো সাইকেল ট্র্যাকটিও দখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।এরপর আজ রোববার দুপুরে অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন। ট্র্যাকে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
একটি ব্যক্তিগত গাড়ি ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছোট কাভার্ড ভ্যানকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
সূত্র: প্রথম আলো