ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। এ ঘটনা সমকালীন বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার সংকটকেও সামনে এনেছে।
বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই জনগণের বিজয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান রাশেদ শাহরিয়ার।
সূত্র: প্রথম আলো