মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত পাঁচ দিনে চতুর্থ দফা হামলা হলো সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গত শনিবার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। সব হামলা মিলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭।
এসব হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী।হুতিদের বিরুদ্ধে ৫ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর পর কিং খালেদ বিমানবন্দরে এসব হামলা হয়েছে। প্রথম হামলা হয় গত বুধবার। এতে সুদানের এক নাগরিক নিহত হন। এরপর শুক্রবার হামলা চালানো হয়। এই হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। বিমানবন্দরটিতে সবশেষ হামলা হয়েছে গতকাল রোববার। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গত জুলাইয়ে।
সূত্র: প্রথম আলো