২০২১ সালে মাসে ৫০ হাজার টাকায় সংসার চলত আজহার হোসেনের (ছদ্মনাম)। এর বাইরে কিছু অর্থ হাতে থাকত, যা তিনি সঞ্চয় করতেন। কিন্তু কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও যাতায়াতের খরচ বেড়ে গেছে। এখন একই সংসার চালাতে মাসে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে। অর্থাৎ আগের তুলনায় মাসে অন্তত ২০ হাজার টাকা বেশি খরচ করতে হচ্ছে তাঁকে। বছরে বাড়তি ব্যয়ের পরিমাণ অন্তত ২ লাখ ৪০ হাজার টাকা।
বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আজহার হোসেন। গত পাঁচ বছরে তাঁর মাসিক ব্যয় বাড়লেও বেতন সেই হারে বাড়েনি। ফলে এখন সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে। কখনো কখনো বাড়তি আয়ের জন্য অতিরিক্ত কাজও করেন। এভাবে জোড়াতালি দিয়ে সংসার চললেও তাঁর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। চার বছরের বেশি সময় ধরে দেশের সাধারণ গড় মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। ফলে আজহারের অভিজ্ঞতা শুধু তাঁর পরিবারের নয়।
নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবারকেই আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো